মৌমাছি

জনি নামে ছোট্ট একটি ছেলেকে নিয়ে
এই গল্প। তার বয়স কত হবে? মাত্র তেরো
বছর। সে এক বাড়িতে চাকরি করে। কী
সেই কাজ? রাখাল বালকের কাজ।
দিনভর খাটতে হয় এ জন্য।  সকাল
বেলা ছাগলগুলোর দুধ দোয়ানোর
কাজে সহায়তা করতে হয় তাকে।
তারপর ওদের দূরের পাহাড়ের ঢালে
নিয়ে যাওয়ার দায়িত্ব। সেখানে দিনভর
ছাগলগুলো চরে বেড়ায়। ঘাসপাতা
খায়। সন্ধ্যা হওয়ার আগে আগেই ছাগল
নিয়ে বাড়িতে ফিরে আসে জনি। রাতে
আবার ছাগলের দুধ দোয়ানো হয়।
তখনো এই কাজে সহায়তা করে রাখাল
বালকটি।
ছাগলগুলো এমনিতে বেশ ভালো।
জনির কথা মেনে চলে। সাধারণত
উল্টাপাল্টা কিছু করে না। কিন্তু একদিন
ওরা বিগড়ে গেল। সে এক বিরাট
ঝামেলা। তা নিয়ে কত কাণ্ড! কত যে
কেচ্ছা কেলেঙ্কারি! জনির মাথায় হাত।
এত বড় সমস্যায় কখনোই পড়েনি সে।
ছাগলগুলো হঠাৎই কেমন যেন
বেয়াড়াপনা শুরু করে দিলো। কিছুতেই
বাগে আনা যাচ্ছিল না ওদের। রাগে
দুঃখে জনির নিজের চুল নিজে ছিঁড়তে
ইচ্ছা করছে।
হয়েছে কী, ওই দিন দাদিআম্মার
শালগম বাগানের দরজাটা ছিল খোলা।
কেউ হয়তো দরজাটা সময়মতো বন্ধ
করতে ভুলে গিয়েছিল।
তাতেই
মহাসমস্যার সূত্রপাত।
ছাগলগুলো করলো কী, হুড়মুড় করে
দৌড়ে ঢুকে গেলো দাদিআম্মার বাগানে।
দরজা খোলা পেয়েছে যে।
ঢুকেই তারা মহা আনন্দে শালগম
বাগান সাবাড় করার কাজে লেগে গেল।
জনি এই কাণ্ড দেখে হতবাক। সর্বনাশ
হয়ে গেছে। এখন উপায়? দাদিআম্মার
বড় সাধের শালগমের ক্ষেত এখানটায়।
ছাগলের দল কচমচ করে পাতা
চিবোচ্ছে। কেউ থেমে নেই। দল বেঁধে
তারা শালগম বাগানের বারোটা
বাজিয়ে দিচ্ছে।
জনি চেঁচিয়ে চেঁচিয়ে বলে,
এই হতচ্ছাড়া ছাগলের দল। বাঁচতে
চাইলে শালগমগাছ খাওয়া বন্ধ কর।
বাড়ি চল এক্ষুনি। কথা না শুনলে বেদম
পিটুনি খাবি।
তারপর
একটা বাঁশের কঞ্চি জোগাড় করে নেয়
জনি। কোনো লাভই হয় না
তাতে। তারা জনিকে পাত্তাই দেয় না।
পাত্তা দিতে বয়েই গেছে যেন। কঞ্চির
পিটুনি দেয়ার সুযোগই পায় না জনি।
ছাগলগুলো এলোপাতাড়ি দৌড়াচ্ছে।
হাতের নাগালে পাওয়া যাচ্ছে না।
দৌড়াতে দৌড়াতে জনি ক্লান্ত হয়ে পড়ে।
হাঁফাতে থাকে। উহ কতক্ষণ আর
দৌড়ানো যায়। হতচ্ছাড়া ছাগলের দল
কিন্তু থেমে নেই।
কচকচ করে তারা শালগমের কচি সবুজ
পাতা খেয়েই চলেছে। যেন বেহেশতি
খাওয়া। খাওয়ার ধুম পড়ে গেছে। মুখ
চলছে সমানে। বিশাল বাগান। মনে
হচ্ছে, প্রতিটি গাছ সাবাড় না করা পর্যন্ত
থামবে না ওরা। ভাব-লক্ষণ সে রকমই
মনে হচ্ছে। জনি হতাশ, উদভ্রান্ত। দস্যি
ছাগলগুলোর সাথে পেরে উঠছে না সে।
ভ্যাঁ করে করে কেঁদে ফেলে তাই।
বিলাপ করে কাঁদতে থাকে সে।
ওই সময় ওখান দিয়ে যাচ্ছিল একটা
শেয়াল। কী ভেবে থমকে দাঁড়ায়
প্রাণীটি। জনিকে সে জিজ্ঞেস করে,
কাঁদছো কেন বাছা? কী, হয়েছে কী
তোমার?

জনি ফোঁপাতে ফোঁপাতে জবাব দেয়,
আর বোলো না, ভাই। শয়তান
ছাগলগুলো নিয়ে আর পারছি না। এক
একটা যা ত্যাঁদড় হয়েছে না।
দাদীআম্মার শালগমের বাগান ওরা
উজাড় করে ফেলছে। ওদের থামাতে
পারছি না। অপমানে, রাগে, দুঃখে তাই
কাঁদছি।
শেয়াল বিজ্ঞের মতো মাথা নেড়ে বলে,
ও আচ্ছা, এই ব্যাপার? তুমি বাছা
এখানটায় চুপ করে বসে থাকো। আমি
দেখছি, কদ্দুর কী করা যায়। ছাগল
তাড়ানোর ভারটা আমার ওপর ছেড়ে
দাও। ওদের আমি বাগান থেকে হটিয়ে
দিচ্ছি।
শেয়াল তার কাজে নেমে পড়ে। হুক্কা
হুয়া হুক্কা হুয়া ডাক ছেড়ে ছাগল
তাড়ানোর চেষ্টা শুরু হয় তার। হইহই
করে ছাগলের ঝাঁক তাড়া করে বেড়ায়
সে। দুষ্টু ছাগলগুলো তাড়া খেয়ে
বাগানেই ছোটাছুটি করতে থাকে।
শেয়াল তাদের নাগাল পায় না।
ঘণ্টাখানেক শেয়ালে-ছাগলে হুটোপুটি
চলল। শেষ পর্যন্ত বিফল হলো অভিযান।
শেয়াল ক্লান্ত হয়ে পড়ে একপর্যায়ে। আর
পারা যাচ্ছে না। যথেষ্ট দৌড়াদৌড়ি
হয়েছে। শেয়াল ভাবে, দু’দণ্ড জিরিয়ে
নেয়া যাক। চার পা, গোটা শরীর ব্যথা
করছে। এত জোরে কখনোই সে
দৌড়ায়নি। তাই ক্লান্তিটা বেশি।
মিঝিম করছে মাথা। ব্যাপারটা যে
অত কঠিন হবে, তা আগে আন্দাজ করা
যায়নি।
জনি সব খেয়াল করল। শেয়াল
ছাগলগুলোকে বশ করতে পারেনি।
জিভ বের করে হাঁফাচ্ছে বেচারা। এ
দিকে জনির ফোঁপানি কিন্তু থামেনি
একটুও। ক্লান্ত শেয়াল একপর্যায়ে
জনির পাশে এসে বসে। নিজেও কান্না
শুরু করে দেয়।
খানিক পর ওখানটায় এক কুকুরের
আগমন। শেয়ালকে শুধায় সে,
কেন তোমরা কাঁদছ? ইশ, কাঁদতে
কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছ দেখছি।
কী হয়েছে, আমাকে একটু বলবে?
শেয়াল হুক্কা হুয়া বলে বিলাপ করে
কেঁদে ওঠে। বলে, আমি কাঁদছি, কারণ
জনি কাঁদছে। ওর দুঃখে আমি সমব্যথী।
জনি কাঁদছে, কারণ সে বদমাশ
ছাগলগুলো তাড়াতে পারেনি।
দাদীআম্মার সাধের শালবাগান ওদের
দ্বারা তছনছ হয়ে যাচ্ছে। আমি নিজেও
ছাগলগুলোকে শায়েস্তা করার চেষ্টা
করেছিলাম, পারিনি। মনের দুঃখে তাই
কাঁদছি।

কুকুর কী যেন একটু চিন্তা করে।
তারপর সবজান্তার মতো বলে, ঘেউ,
আমার মনে হয়, এই সমস্যাটার
সমাধান আমি করতে পারব। এ নিয়ে
তোমরা ভেবো না। চুপটি করে বসো।
দেখোই না কী করি।
কুকুর দৌড়াতে শুরু করে। ছাগলের
পালের পেছন পেছন। ছাগলগুলোও
তিড়িংবিড়িং করে লাফাতে থাকে।
লাফানো না শুধু, রীতিমতো দৌড়ানো।
শুরু হয় কুকুর  ছাগলে দৌড়াদৌড়ির
খেলা।
জোরেশোরে ছুটতে পারার জন্য
কুকুরের সুনাম আছে। ছোট-বড় সবাই
সেটা জানে। কুকুর কিন্তু এই দফায়
ফেল মেরে গেল। সে পারল না।
ছাগলগুলো এমন জোরে জোরে
দৌড়াল যে, কারো নাগালই পাওয়া
গেল না।
কুকুর হতাশ, পরাজিত। বেজার মুখে
রণে ভঙ্গ দেয় সে। অপমানের জ্বালায়
মুখটা তার কাঁদো কাঁদো। শেয়াল ও
জনির সাথে সেও এসে যোগ দিলো।
শুরু করে দিলো কান্নাকাটি। এখন ওরা
তিনজন। সবাই মিলে কাঁদছে।
এমন সময় দুলকি চালে হাঁটতে হাঁটতে
চলে এলো এক খরগোশ। তিনজনার
মিলিত কান্নার শব্দ সে শুনতে পেয়েছে
অনেক দূর থেকে। কৌতূহল মেটাতে
তাই চলে এসেছে ঘটনাস্থলে
দেখে একি কাণ্ড! বিচিত্র ব্যাপার।
খরগোশ তার লম্বা দু’টি কান খাড়া
করে। সবার মিলিত কান্না মন দিয়ে
শোনে। পিটপিট করে তাকিয়ে দেখে,
মরাকান্না কাঁদছে তিনজনা। সে
কৌতূহলী মুখ করে জানতে চায়, বলি,
এত কান্নাকাটির কী হয়েছে বাপুরা? কী
এমন ঘটনা ঘটেছে যে এমন করে
এতিমের মতো কাঁদতে হবে?
তোমাদের আপনজন কেউ মারাটারা
গেছে নাকি?
কুকুর ও শেয়াল কাতর কন্ঠে জানায়,
জনি কাঁদছে বলে আমরাও কাঁদছি। জনি
একটা মহাবিপদের মধ্যে আছে।
দাদিআম্মার শালগমের বাগান সাফ
করে ফেলছে দস্যি ছাগলের দল। জনি
সেটা থামাতে পারেনি। বাড়ি ফিরলে
বকাঝকা খেতে হবে। এমনকি মারও
জুটতে পারে। তাই সে দিশেহারা হয়ে
কান্নাকাটি করছিল।
আমরাও ছাগল তাড়ানোর কাজে ঝাঁপিয়ে
পড়েছিলাম; তাড়াতে পারিনি। তাই
আমরাও কাঁদছি।
খরগোশ এ কথা শুনে একটু গম্ভীর হয়ে
যায়। মাথা চুলকে বলে, ও আচ্ছা আচ্ছা।
ব্যাপার তাহলে এই। আমি ভেবেছিলাম
কী না কী। ঠিক আছে, আমিও একটু চেষ্টা
করে দেখি না কেন। আমাকে একটা
সুযোগ দাও দিকি। কিছু যদি করা যায়। না
পারলে আমিও তোমাদের সাথে
কান্নাকাটি করব। তোমাদের একজন সঙ্গী
বাড়বে তাহলে।

সবাই সমস্বরে বলে, হ্যাঁ, হ্যাঁ। তাই করো।
যাও, কাজে লেগে পড়ো। ধাড়ি
ছাগলগুলোকে আচ্ছামতো শাসানি দাও।
ওদের ঠেঙাতে পারলে আমরা খুশি হবো।
তখন আমরা শান্তি পাবো। সবার
কান্নাকাটি তখন বন্ধ হয়ে যাবে। যে যার
কাজে চলে যেতে পারব তখন।
খরগোশ তার গুরুত্ব ও মর্যাদা বুঝতে
পেরে মনে মনে পুলকিত হয়। চোখেমুখে
নকল একরকমের গাম্ভীর্য এনে বলে, বেশ
তো। দেখিই না পাজিগুলোকে সামলানো
যায় কি না। সব ক’টাকে ঝেঁটিয়ে বিদেয়
করে দেবো শালগমের বাগান থেকে।
তারপর আমরা সবাই মিলে ফুর্তি করব।
খরগোশ দেরি করে না এক মিনিটও।
তক্ষুনি কাজে লেগে পড়ে। কিন্তু
ছাগলগুলো মহাধড়িবাজ। পুঁচকে একটা
খরগোশকে তারা মানতে যাবে কোন
দুঃখে? তাই থোড়াই কেয়ার করে। উল্টো
খরগোশকে শিং দিয়ে গুঁতো মারে।
তারপর কী হলো? যা হওয়ার তা-ই হয়।
খরগোশও যথারীতি ব্যর্থ হয়। সে
খানিকটা আহত পর্যন্ত হয়েছে। শিংয়ের
গুঁতো আগে কখনো খায়নি সে। ছাগল
তাড়ানোর কাজে নিতান্ত অনিচ্ছায় ক্ষান্ত
দিতে হলো তাকে। না দিয়ে উপায়ও
ছিল না। বাপ রে বাপ! এই অভিযানে যা
মেহনত। রীতিমতো ঘেমে গেছে সে
দৌড়াতে দৌড়াতে। ছাগলগুলো বড়
বেহায়া। তাদের কোনো ভাবান্তর নেই।
শালগম বাগানের বারোটা বাজানোর
কাজ চলতেই থাকে আগেকার মতো।
খরগোশ আর কী করে! অগত্যা সেও
গিয়ে শামিল হলো ওই ছিঁচকাদুনে
দলের সাথে। কান্নাকাটি করা ছাড়া
তারা করবেই বা কী! তার ধারণাই ছিল
না যে, ছাগল তাড়ানোর কাজে এত
ঝক্কি। এত ঝামেলা। সফল হলেও না হয়
কথা ছিল।
সম্মিলিত কান্নাকাটি চলতে থাকে।
ছাগল তাড়াতে গিয়ে সবাই বিফল
হয়েছে। লজ্জায় অপমানে রাগে তারা
কাঁদছে। এই সময় হঠাৎ কোত্থেকে যেন
ভোঁ ভোঁ করে উড়তে উড়তে একটা
ছোট্ট মৌমাছি এসে হাজির হয়। জনি,
শেয়াল, কুকুর ও খরগোশের চার পাশ
দিয়ে কয়েক চক্কর পাক খায় সে।
একসাথে এতজনকে কখনো কাঁদতে
দেখেনি মৌমাছি। খুবই অবাক ব্যাপার।
কী হয়েছে এখানে? ওরা কেন এমন
সর্বহারার মতো কাঁদছে সেটা জানা
দরকার।

জানার জন্যই ওড়াউড়ি বন্ধ করে থামল
সে। থেমেই প্রশ্ন করে কাঁদুনে পার্টিকে
কী ব্যাপার? সবাই মিলে এমন কাঁদছ
কেন? ঘটেছে কী? আমাকে একটু খুলে
বলো না। মৌমাছির মতো পুঁচকে
একটা প্রাণী কী আর করতে পারে?
তার দৌড় কত দূর পর্যন্ত? এমনটা
ভেবে কেউই তার কথার জবাব দেয়
না। জবাব দেয়া যে আসলেই দরকার,
সেটাও মাথায় আসে না কারোই।
মৌমাছি আবার তাড়া দেয়, কী
ব্যাপার? তোমরা কেউই আমার প্রশ্নের
উত্তর দিচ্ছ না যে? কী হয়েছে একটু
বলবে তো। হয়তো আমি তোমাদের
কোনো কাজে লাগতে পারি।
খরগোশ বেজার মুখে বলে, ভাই রে,
ঘটনা যা ঘটে গেছে এবং ঘটছে তা
বড়ই গুরুতর। তোমাকে বলে আর কী
হবে? তুমি কিছু করতে পারবে না।
সুতরাং বলে কোনো ফায়দা নেই।
নিজের কাজে যাও বাছা, যেমনটা তুমি
যাচ্ছিলে।
মৌমাছি গোঁ ধরে না, না। নিজের
কাজে আমি যাবো, তবে একটু পরে।
এখানে কী ঘটেছে তা আমাকে
বলতেই হবে। বলেই দেখো না বাপু।
শেষমেশ হয়তো তোমাদেরই লাভ
হবে। আমাকে অত ফালতু আর
অকাজের ভেবো না। ছোট হলেও
কোনো কোনো ব্যাপারে আমার
ক্ষমতা, দক্ষতা অনেক। পরীক্ষা নিয়েই
দেখো না কেন!
শেয়াল দোনোমোনো করে বলে, আচ্ছা
বেশ। শোনো তাহলে সব কথা
তোমাকে খুলে বলছি। শুনলেও তুমি
কিছু করতে পারবে না। আমরা
এতগুলো প্রাণী যেখানে পারিনি, তুমি
পারবে কেমন করে?
মৌমাছি সবটা শুনে মন্তব্য করে, এটা
তেমন কোনো সমস্যাই না। মাত্র দশ
মিনিটের ব্যাপার। এর চেয়ে বেশি
লাগবে না। এই সামান্যটুকু সময়
তোমরা আমাকে দাও। সময়টা দিয়ে
চুপচাপ বসে বসে মজা দেখো। সব
সমস্যার সমাধান করে দিচ্ছি। তোমরা
শুধু চেয়ে চেয়ে দেখো কিভাবে কী ঘটে, সেটা
প্রাণভরে দেখো। কাজ সমাধা হয়ে
গেলে তোমরা অবশ্যই আবাক হবে।
তারপর বলবে যে খুদে এই মৌমাছি
জাদু জানে। না হলে এমন কঠিন একটা
কাজ এত তাড়াতাড়ি এত সহজে
কিভাবে করে ফেলল?
মৌমাছি এক সেকেন্ডও দেরি করে না।
কাজ শুরু করে দেয় । কাজটা  অতটাও
জটিল নয়। কিভাবে কী করতে হবে, সে
কৌশল বেশ ভালোমতোই জানা আছে
তার। সে সোজা উড়ে যায় ছাগলের
পালের যে দলনেতা, সেই ধাড়ি
ছাগলটার কাছে। তার কানে ঢুকে পট
করে হুল ফুটিয়ে দেয়। যন্ত্রণায় ছটফট
করতে থাকে দুষ্টু ছাগল। মহা
আতঙ্কিত হয়ে এলোপাতাড়ি লাফঝাঁপ
করতে থাকে।
মৌমাছি কিন্তু ছাগলের কানের ভেতরেই
বসে আছে। ভোঁ ভোঁ শব্দ করছে। বুড়ো
ছাগলটা অবাঞ্ছিত এই উৎপাত থেকে
বাঁচার জন্য প্রাণপণ মাথা ঝাঁকাচ্ছে।
কিন্তু কিসের কী? মুক্তি পাওয়ার উপায়
নেই কোনো।

মৌমাছি এখন দ্বিতীয়বার হুল ফোটায়।
ধাড়ি ছাগল মরণচিৎকার দিয়ে চার পা
ছুড়তে থাকে। মৌমাছি তখন অন্য কানে
উড়ে গিয়ে হুল ফোটায়। ধাড়ি ছাগলের
লাফানির চোটে দলের অন্য সব ছাগল
হতভম্ব। ঘটনার আকস্মিকতায় তারা
ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। ব্যাপার কী?
মাথামুণ্ডু কিছুই বুঝতে পারছে না তারা।
দলপতি ছাগল প্রাণ বাঁচাতে পড়িমরি
করে দৌড়ে বাইরে বেরিয়ে যায়।
শালগমের বাগান পড়ে থাকে পেছনে।
দলনেতা ঠিক করে, এখানে আর এক
মুহূর্তও থাকা নয়। যতসব ঝামেলার
উৎপত্তি এখানেই। মৌমাছি একের পর
এক অন্যান্য ছাগলের কানেও হুল
ফোটাতে থাকে। সব্বাই ছটফট করতে
করতে বাগান ছেড়ে বেরোয়। অল্প দূরে
একটা পুকুর আছে। সব ছাগল গিয়ে
সেখানে ঝাঁপিয়ে পড়ে। বাগান যখন
একেবারেই ছাগলশূন্য হয়ে পড়ে,
মৌমাছির অভিযান শেষ হয় তখন। তার
মুখে ফুটে ওঠে বিজয়ীর গর্বিত হাসি।
এমন আনন্দ সে জীবনে আর কখনো
পায়নি।
জনি এখন মহাখুশি। ছোট মৌমাছির
দারুণ কাজের তারিফ করে মুক্ত কণ্ঠে,
অজস্র ধন্যবাদ তোমাকে, প্রিয়
মৌমাছি। আজ তুমি যা করে দেখালে,
তার কোনো তুলনাই নেই। আমরা
অবাক হয়েছি তোমার নৈপুণ্য দেখে।
তোমার উপকার আমরা কোনো দিন
ভুলব না। তোমার ওপর আমরা
প্রথমটায় আস্থা রাখতে পারিনি। সে
জন্য আমাদের দোষ ধরো না । আজ থেকে তুমি আমাদের
বন্ধু হলে। পরম বন্ধু। মহাবিপদ থেকে
তুমি আমাদের উদ্ধার করেছ। সেই ঋণ
শোধ করার ক্ষমতা ও সাধ্য আমাদের
কারোরই নেই।
শেয়াল, কুকুর, খরগোশও অনেক
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানায়
ছোট্ট মৌমাছিকে। যে কাজটা তারা
নিজেরা শত চেষ্টা করেও করতে
পারেনি, এতটুকু ছোট্ট প্রাণী সেটা খুব
সহজেই করে ফেলেছে। সত্যি মৌমাছি
একটা বাপের ব্যাটা। ওর এই ক্ষমতার
কোনো নজির গোটা দুনিয়ায়ই বোধ
করি নেই। প্রশংসা পেয়ে মৌমাছিও মহা
খুশি। শুধু প্রশংসাই নয়, সবাই তার বন্ধু
হয়েছে। সেটা বাড়তি পাওনা। আনন্দিত
মনে ভোঁ ভোঁ শব্দ তুলে সে চলে যায়
নিজের কাজে।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started